
নারী, আঁকো তোমার ছবি, মনে,
আমার হৃদয় তোমার, অধিকারে, বোধে,
জাগরনে।
বড়ই অল্প সময়, দুজনের হাতে,
শীতের প্রভাতে,
চলো, নদীতীরে যাই,
কল্পনায় স্নান করি।
আমি বাঙ্ময়, আমারি সাথে,
আমার কল্পনায়, আমি পথিক,
আনন্দের পথে।
এই সহাবস্থান, ক্ষণিকের,
নেই কোনো আয়োজন,
নেই ক্ষমা, দান, অশ্রু বা হৃদয়ের আন্দোলন-
শুধুই দেহের, প্রাণের প্রয়োজন।
তোমারে কি কেউ কোনোদিন ডাকেনিকো?
“হৃদয় করিব দান” বলে ;
পৃথিবী করুণার ঠাঁই,
মানুষ প্রস্তুত, প্রতি মুহুর্ত্তে,
ক্ষমায় মহীয়ান হবে বলে –
ঘৃণা তো করেছো তারে, অবিশ্রাম,
শ্রান্তি, কলুষ ঠেলে ঠেলে,
চলে আসো, নিজের আসঙ্গ পাবে বলে।
তোমারি পথের দান, এই মুহুর্ত্ত,
এই সহাবস্থান।
দেখেছি মানুষ, অনেক, শত শত,
ভয়ে বিভ্রান্তিতে লক্ষ্যহীন তারা,
লক্ষ্যের মানে খুঁজেনিকো—
তাদের জন্যে তো এই প্রাণ নয়,
যদিও তাদেরো দিয়েছো জীবনের অনেক সময়।
যারা প্রাণহীন, খুঁজেছে তোমার দেহে তোমার আত্মার স্বরূপ,
ভয়, বড় ভয় ঘিরেছে তাদেরে,
যখন তোমার দেহের পরে, তুলেছে তৃপ্তির নিঃশ্বাস,
তোমার হৃদয়ের শব্দ বড় জীবিত
বড় উদ্বেলিত মনে হয়।
আমিতো ঈশ্বর খুঁজিনিকো,
যাইনিকো, তীর্থে, বন্দরে,
সমুদ্রে, হিমালয়ে, নিজের সঙ্গের খোঁজে,
এ মনের চারিপাশে বাগানে ফুটেছে ফুল,
নিজের উল্লাসে, তোমার প্রতীক্ষায় নয়,
তবু, আনন্দ, তোমারি আসবার সময়।
দূরের মন্দিরে নিয়তঃ ঘন্টাধ্বনি হয়,
হয় মসজিদে আজান—
মানুষ মানুষকে কাছে ডেকে আনে,
প্রতীক্ষা বড়ই কঠিন।
তবু প্রতীক্ষায় পার হয় এই দীর্ঘ জীবন।
প্রতিটি পথের পাশে পাশে, ছোটো ছোটো গাছে,
প্রত্যহ ফুটে ফুল জীবনের টানে,
মানুষ মানুষকে টানে, বয়ে চলে আজীবন,
বড়ই বিমুর্ত যেন অস্থির জীবন।
আমার পথের শেষে ফুল ফোটেনাকো,
নেই তাতে সঞ্জীবনী সুধা,
মুহুর্ত্তমাথেকের উল্লাস আছে শুধু,
বুদবুদ তারা।
আমার জীবিত এই প্রাণ,
তোমায় দেবনা আমি দানে,
তোমায় বসাবনা মনে,
তবু তুমি অধিশ্বরী হও,
নিজেরি উল্লাসচেতনায়।
এই দিনটির শেষে,
ফুরাবে প্রয়োজন, আজকের তরে।
সমস্ত জীবনের আয়োজন,
যে সমস্ত সুধা, সময়ের সাথে সাথে বাড়ে,
তাদের রসিক নই আমি,
ক্লান্তিতে বয়ে চলা সঙ্গী,
অভ্যাসে সংজ্ঞাবদ্ধতা,
আমার প্রেমের প্রয়োজন নেই তাতে।
আমার হৃদয় লুন্ঠিত হতে চায়,
বিদ্রোহে, তারে অস্ত্র দাও
প্রতিরোধে, প্রতিরোধে, রক্তপাতে,
ক্ষমায় মেরো না তারে,
এই প্রাণে একটি যুদ্ধ দাও।
আমি কাহারে কি দিতে পারি,
কিছু অনুপ্রাস, ছন্দ, কাব্যায়িত গদ্য আর,
কিছু অপাংক্তেয় মুহুর্তের সমাহার ছাড়া--
কবিতা আমার ভালবাসা।
Boy, give a facelift to the diction. It'll make it couple of notch higher.
ReplyDeleteYou are post modern in your thoughts, so why havn't you taken the language with you there?
I really cannot relate to the diction, though the theme is brilliant. Try experimenting in styles, forms, and content.
Just a suggestion, to be taken lightly.