একটি বদ্ধ ঘর, মীনার, উঁচু--
অনেক উপরে তাতে, একটি জানালা,
আর অসীম সূর্য্যের আলো।
একটি শাদা বিছানা আর, সাদা চাদর,
আর তার বুকে, শায়িতা নারীর ধবল শবদেহ।
একটি স্বপ্ন, আর কিছু মুহুর্তের অক্লান্ত ঘাম,
শায়িত দেহের ভেতরেও জেগে উঠে কাম--
অনিশ্চয়, তাই, একাকিত্বের অশ্রু, ঘুমের বীর্য্য-ক্ষরণ।
সকালে, অবসাদ, মৃত্যু আজও আসেনিকো,
অপেক্ষা খবরের, কাগজের, চায়ের।
আসে, সব, একে একে, বয়ে চলা, দাঁড়ি কাটা,
ধোওয়া কাপড়, ধোওয়া শরীর, আর ঘোলাটে মন--
পিছুটান নেই, কর্মও নেই-- দায়িত্ব-কর্তব্যের কিছু ধোঁয়াটে আন্দোলন।
পথ টেনে এসে, ক্ষণে ক্ষণে এমনিই হেসে,
তেতো স্বাদ, না স্বাদের অভাব নিয়ে ফিরে আসা-
আবার নিজের সাথেই বসা-
আত্মরতি, অবসাদ শেষে, আবার--
সেই বদ্ধ মীনার,
জানালার বুকে, হলদে সূর্য্যের মুখ,
বিছানায়, নারীর চুপসে যাওয়া বুক।
0 inputs:
Post a Comment